গণপিটুনিতে একজনের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় গত শনিবার দিবাগত রাতে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাকে গণপিটুনি দেওয়া হয় বলে এলাকাবাসী জানায়।নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (২৭)। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার হরিদেবপুর এলাকায়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াপাড়ায় রাত তিনটার দিকে ১৪ থেকে ১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী টের পায়। পরে তারা সংঘবদ্ধ হয়ে ডাকাত দলকে ঘিরে ফেলে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ফারুককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গতকাল রোববার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাতেন মিয়া জানান, ফারুকের বিরুদ্ধে কালীগঞ্জ ও কাপাসিয়া থানায় দুটি করে চারটি ডাকাতির মামলা রয়েছে।