গণপিটুনিতে কেরানীগঞ্জ ও টঙ্গীতে নিহত ৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে লোকজনের পিটুনিতে গত বৃহস্পতিবার রাতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে। অন্যদিকে টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে লোকজনের হাতে ধরা পড়ে পিটুনিতে নিহত হয়েছেন এক যুবক। কেরানীগঞ্জের ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে ১৫-১৬ জন লোক পলাশপুর গ্রামের ধলেশ্বরী সেতুর কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে এলাকাবাসীর কাছে খবর আসে। এলাকাবাসী তাদের ঘেরাও করে। অন্যরা পালিয়ে গেলেও গ্রামবাসী ধাওয়া করে সরাফত আলী (২৭), আক্তার হোসেন (৩০), আলম (৩২), শামীম (২৪), আম্বর আলী (৪৫), আরজু (৩৫) ও বাবুল (২৪) নামের সাতজনকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আরজু রাত তিনটার দিকে মারা যান। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ আবার ঘটনাস্থলে গিয়ে সিরাজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, রাত ১০টার দিকে আরিসপুর গার্লস স্কুলের সামনে রুবেল খান (২৩) নামের এক যুবক ও তাঁর সহযোগীরা এক পথচারীকে ছিনতাইয়ের চেষ্টা করেন। পথচারীরা তাঁর চিৎকার শুনে ছুটে আসে। অন্যরা পালিয়ে গেলেও রুবেল ধরা পড়ে এবং পিটুনির শিকার হন। পুলিশ তাঁকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।