গণপিটুনিতে চরমপন্থী নিহত, অস্ত্র উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজারের পাশে সোনারমোড় এলাকায় গত রোববার গণপিটুনির শিকার শিশির বাড়ৈই (৪২) নামের এক ব্যক্তি রাজবাড়ী সদর হাসপাতালে মারা গেছেন। তাঁর বাড়ি বালিয়াকান্দি উপজেলার পুস আমলা গ্রামে। পুলিশ জানায়, শিশির চরমপন্থী সর্বহারা গ্রুপের সঙ্গে জড়িত এবং তাঁর নিজস্ব বাহিনী রয়েছে।বালিয়াকান্দি থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শিশির বাড়ৈই বিকেলে সোনারমোড় এলাকার একটি দোকানের টেবিলের ওপর পিস্তল রেখে চা পান করছিলেন। স্থানীয় কয়েকজন যুবক পিস্তল বের করে গল্প করার কারণ জানতে চাইলে শিশির তাদের গুলি করার হুমকি দেন। স্থানীয় লোকজন তাঁদের ঘিরে ফেলে। এ সময় শিশিরের সঙ্গে থাকা আকুল কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করেন। পরে উত্তেজিত লোকজন শিশিরকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত নয়টার দিকে চিকিৎসকেরা শিশিরকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, শিশিরের বিরুদ্ধে দুটি অপহরণের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও সন্ত্রাসীদের ব্যবহূত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।