গণপিটুনিতে ডাকাত ও ছুরিকাঘাতে গৃহকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় গত শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত হয়েছে এক ডাকাত। আরও চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এদিকে ঢাকার সাভারের রাজঘাট খাতরাপাড়া গ্রামে ডাকাতদের ছুরিকাঘাতে এক গৃহকর্তা নিহত হয়েছেন।বেলাবতে ডাকাতদের কবলে পড়া বাসটির যাত্রীরা জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকার মালিবাগ থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাস সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। রাত পৌনে তিনটার দিকে নারায়ণপুর এলাকায় পৌঁছার পর আট থেকে ১০ জন যাত্রীবেশী ডাকাত অস্ত্র দেখিয়ে বাসের চালককে জিম্মি করে। প্রথমেই কয়েকজন যাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ভীতিকর পরিবেশ তৈরি করে। এরপর যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুটে নেয়। কিছুদূর যাওয়ার পর ডাকাতেরা বাস থেকে নেমে পড়ে। এ সময় যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে পাঁচ ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে আনিসুর রহমান নামের এক ডাকাত ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ডাকাতদের ছুরিকাঘাতে আহত ছয়জন যাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাসটি রাতেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।আটক ডাকাতেরা হলেন অনন্ত মিয়া (২৫), মাহাবুব আলম (৩৫), বিজয় দেবনাথ (৩০) ও মাসুদুর রহমান (২৬)। তাঁদের মধ্যে অনন্তের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলে, মাহাবুব আলমের বাড়ি ময়মনসিংহ সদরের দৌপাউড়া এলাকায়, বিজয় দেবনাথের নরসিংদীর পলাশ এবং মাসুদুর রহমানের বাড়ি খুলনার দৌলতপুর এলাকায়।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ খান গণপিটুনিতে এক ডাকাত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাসের সুপারভাইজার সাকিব আহমেদ মামলা করেছেন। আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সাভার থানার পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত দুইটার দিকে রাজঘাট খাতরাপাড়া গ্রামের আবদুস সোবাহানের বাড়ির গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে একদল ডাকাত। তারা স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিতে থাকে। এ সময় সোবাহান বাধা দিলে ডাকাতেরা প্রথমে তাঁকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এর পরও তিনি সরে না দাঁড়ালে ডাকাতেরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।এরপর ডাকাতেরা পাশে সোবাহানের ভাই বোরহানের ঘরে ঢুকে লুটপাট শুরু করলে বোরহান বাধা দেন। এ সময় ডাকাতেরা তাঁকেও ছুরিকাঘাত করে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে ডাকাতেরা বোরহানের স্ত্রী জুলেখা বেগম ও চাচাতো ভাই শাজাহান আলীকেও ছুরিকাঘাত করে। একপর্যায়ে ডাকাতের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশী ও গ্রামের লোকজন একজোট হয়ে ধাওয়া করলে ডাকাতেরা পালিয়ে যায়। এরপর মুমূর্ষু অবস্থায় আবদুস সোবাহান ও বোরহানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষণা করেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।