গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর মধ্যম বিলে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। চিংড়ি ঘেরে ডাকাতি ও চাঁদা দাবির অভিযোগে এলাকাবাসী পিটুনি দিলে তিনি নিহত হন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ আহত চার ডাকাতকে গ্রেপ্তার করে। নিহতের নাম কালাম বিশ্বাস (৪০)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার নাসিরপুর গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে। গ্রেপ্তার হওয়া চারজন ডাকাত হচ্ছেন—পাইকগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের মিন্টু গাজী (৩৫), নগর শ্রীরামপুর গ্রামের আজিজুল গাজী (৩০), উত্তর শেলুয়া গ্রামের ফারুক বিশ্বাস (২৫) ও নওয়াপাড়া গ্রামের রামপদ বিশ্বাস (২২)।চিংড়ি ঘেরের কর্মচারী আলমগীর হোসেন অভিযোগ করেন, গত বুধবার রাত একটায় ১৪-১৫ জন ডাকাত তালা উপজেলার মাছিহাড়া গ্রামের মোস্তফা গাজীর রায়পুর মধ্যম বিলের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় ডাকাতেরা ঘেরের কর্মচারীদের কাছে দুই লাখ চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁরা ঘেরের ঘরে রাখা চিংড়ি জোর করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কর্মচারীরা চিৎকার দিলে পাশের কয়েকটি ঘেরের কর্মচারীরা ডাকাতদের ঘেরাও করে। এ সময় কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পাঁচজন ডাকাতকে আটক করে পিটুনি দিলে কালাম বিশ্বাস মারা যান। অপর চারজন আহত হন।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ ঘটনায় চিংড়ি ঘেরের মালিক মোস্তফা গাজীর পক্ষে কর্মচারী আবদুল গফ্ফার গাজী গত বৃহস্পতিবার মামলা করেছেন।