গণপিটুনিতে ডাকাত নিহত, তিন জেলায় ডাকাতি
নরসিংদী, ভৈরব ও লক্ষ্মীপুরে গত সোমবার দিবাগত রাতে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়, যানবাহনসহ বাড়িঘরে ডাকাতি হয়েছে। ডাকাতির সময় নরসিংদীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। মালামাল লুটের পাশাপাশি এক আনসার সদস্যের রাইফেলও ছিনিয়ে নেয় ডাকাতেরা। ভৈরবে সড়কে ডাকাতির সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন পাঁচজন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: সদর উপজেলার মাধবদী পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর বাদশা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খিলগাঁও গ্রামে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি শুরু করলে এলাকাবাসী হাতেনাতে এক ডাকাতকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভৈরব: কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কে এক রাতে তিনটি যাত্রীবাহী যানে ডাকাতি হয়েছে। ভৈরব থানার উপপরিদর্শক বাবুল মিয়া ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও পুলিশ কোনো ডাকাতকে ধরতে পারেনি।
লক্ষ্মীপুর: সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক ও চর উভূতি গ্রামে সোমবার দিবাগত রাতে মো. হোসেনের তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১২ লাখ টাকা লুটে নেয় সশস্ত্র ডাকাতেরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।