গণপিটুনিতে দুই জলদস্যু ও এক ডাকাত নিহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের হিলটন রোড মোড়ে গত বুধবার দিবাগত রাতে গণপিটুনিতে দুজন জলদস্যু নিহত হয়েছেন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লোলাই গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।
হাতিয়ায় নিহত ব্যক্তিরা হলেন, ‘জলদস্যু হক বাহিনী’র প্রধান সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের হক সাব (৪০) ও তাঁর সহযোগী নিঝুম দ্বীপের মদিনা গ্রামের মাহমদ উল্লা ওরফে মাইদ্যা ডাকাত (৪৫)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ ফজলে রাব্বী বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে
সোনাদিয়া ইউনিয়নের হিলটন রোড মোড় এলাকায় জলদস্যু বাহিনীর প্রধান হক সাব ও তাঁর সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। টের পেয়ে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দেন। একপর্যায়ে জনতা চারদিক থেকে ঘেরাও করে হক সাব ও মাহমদ উল্লাকে ধরে পিটুনি দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। হক সাবের বিরুদ্ধে ছয়টি ও মাইদ্যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কুমিল্লায় গতকাল ভোর চারটায় নিহত ডাকাতের লাশ পুলিশ সকাল ৯টার উদ্ধার করে। তাঁর নাম মো. ইউনুস (৩২) বাড়ি একই উপজেলার বারপাড়া ইউনিয়নের ছনগাঁও গ্রামে। এলাকাবাসী জানা, ৭-৮ জনের একদল ডাকাত লোলাই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য গোলাপ হোসেনের বাড়িতে ডাকাতি করতে যান। ডাকাতেরা তাঁর বাড়ির কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ভেতরে ঘরে ঢোকেন। গোলাপ হোসেন বিষয়টি টের পেয়ে তাঁদের প্রতিরোধের চেষ্টা করেন। এক পর্যায়ে ডাকাতেরা তাঁতে ছুরি দিয়ে আঘাত করে ফেলে দেন। এরপর তাঁর ছেলেকে শৌচাগারে আটকে রেখে স্ত্রী ও দুই পুত্রবধূর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেন ডাকাতেরা। এ সময় তাঁদের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে ডাকাতেরা পালানোর চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী ধাওয়া করে মো. ইউনুস নামের এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।