গণপিটুনিতে দুই ডাকাত নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাইডাঙ্গী গ্রামে গত রোববার দিবাগত রাতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এ ছাড়া অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত গোলাইডাঙ্গী গ্রামের জিন্নাত আলীর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ওই গ্রামে গিয়ে গ্রামবাসীকে নিয়ে ডাকাতদের ধাওয়া করে। তারা পাঁচ ডাকাতকে ধরে ফেলে। ডাকারেরা হলো মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের নান্নু (৩২) ও সুমন (২৫), রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণ গ্রামের আবদুল (২৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তাড়াইল গ্রামের ওমর আলী (২৫) ও কালামৃধা গ্রামের ফারুক (২৪)। তাদের কাছ থেকে পুলিশ একটি নকল বন্দুক, চাপাতি, চায়নিজ কুড়াল, লোহার রড ও পাঁচটি মুঠোফোনসেট উদ্ধার করে। এ সময় পুলিশের সামনেই ডাকাতদের পিটুনি দেয় জনতা। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ডাকাতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে ওমর ও সুমন মারা যান। অন্যরা পুলিশ হেফাজতে ওই হাসপাতালে আছে। ওসি আরও জানান, ডাকাতির ঘটনায় জিন্নাত আলী গতকাল একটি মামলা করেছেন। ওই মামলায় নিহত ও গ্রেপ্তার হওয়া পাঁচ ডাকাতসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া গণপিটুনিতে নিহতের ঘটনায় ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা শতাধিক গ্রামবাসীকে আসামি করা হয়েছে।