গণপিটুনিতে দুই তরুণ নিহত
জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার দুই তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাঁদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে তাৎক্ষণিকভাবেই মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে মারা যান। এদিকে চোর ধরতে গিয়ে তাঁদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক আদিবাসী।
গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের বেল আমলা গ্রামে আদিবাসীপাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হন দুই তরুণ। গুরুতর আহত অবস্থায় তাঁদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেদা বাবু (২৪) নামের তরুণকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি মিলন হোসেন (২২) গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মারা যান। নিহত লেদা বাবু পৌরসভার তাজুরমোড় ও মিলন আরামনগর এলাকার বাসিন্দা।
সদর থানার ওসি আবদুর রশিদ সরকার জানান, যোগেনের ভাই খগেন পাহান আহত চোরসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন। অপরদিকে গণপিটুনিতে নিহত ব্যক্তির ভাইও একটি হত্যা মামলা করেছেন।