গণপিটুনিতে নিহত আরও তিনজনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের ছাতির বাজার গ্রামে গণপিটুনিতে নিহত ছয়জনের মধ্যে আরও তিনজনের পরিচয় পাওয়া গেছে। গত বুধবার রাতের ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ডাকাতির প্রস্তুতি ও হত্যার অভিযোগে এবং অস্ত্র আইনে তিনটি মামলা করেছে। যে তিনজনের পরিচয় মিলেছে তাঁরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের হাফিজুর রহমান (৩৫), ভালুকা উপজেলার সিডস্টোর গ্রামের সাইফুল ইসলাম (৩০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার সিঅ্যান্ডবি এলাকার মোমেন মিয়া (৩২)। বুধবার রাতে ঘটনার পরপরই নিহত হাদিউল আলমের (৩৬) পরিচয় নিশ্চিত হওয়া যায়।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঞা জানান, নিহত হাদিকুলের নামে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা ও হাফিজুরের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে। হাফিজুর গত মে মাসে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। নিহত ব্যক্তিদের লাশ গতকাল সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন শামীম, আনোয়ার হোসেন, আজিজুল হক ও সোহেলের ডাকাতির চেষ্টায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁরা ১৩ জন সংঘবদ্ধ হয়ে প্রথমে সড়কে ডাকাতি ও পরে বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।বুধবার রাত নয়টার দিকে শ্রীপুরের ছাতির বাজার এলাকায় ডাকাত সন্দেহে লোকজনের পিটুনিতে ছয়জন নিহত হন।