গণপিটুনিতে নিহত ছয়জনের সবার পরিচয় শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি জেলায় গণপিটুনিতে নিহত ছয়জনের সবার পরিচয় পাওয়া গেছে। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চারজন এবং নরসিংদীর মনোহরদীতে দুজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় লোকজন। পুলিশ বলছে, তাঁরা সবাই পেশাদার ডাকাত ছিল।
গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া এলাকার মকরমপুর সেতুর কাছে গণপিটুনিতে নিহত ব্যক্তিরা হলেন গোলাম রাব্বানী (৩৯), আলমগীর (৩০), সোহেল (৩২) ও আতর আলী (৩০)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ বলেন, গোলাম রাব্বানী এলাকায় ‘রাব্বানী ডাকাত’ নামে পরিচিত। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-কর্ণখালি গ্রামে। বাকি তিনজনের বাড়ি ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামে। তিনি জানান, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় যোগাযোগ করেনি। তবে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
ওসি ফিরোজ আহম্মেদ জানান, গণপিটুনির ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির দায়ে এএসআই রেজাউল করীম এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলায় নিহত চার ডাকাতসহ অজ্ঞাত আরও কয়েক ডাকাতকে আসামি করা হয়েছে। এদিকে, গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগে অজ্ঞাতসংখ্যক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছেন এসআই আশরাফ আলী। ওসি জানান, এসব মামলায় এখনো কাউকে আটক করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ বলেন, নিহত ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁরা আশপাশের জেলায়ও ডাকাতি করতেন। তাঁদের মধ্যে ডাকাত সরদার গোলাম রাব্বানীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা আছে।
নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ব্যক্তিরা হলেন ফারুক মিয়া (২৬) ও আমজাদ হোসেন (২৮)। এ ঘটনায় আটক হওয়া আহত আমিনুল ইসলাম (৩৫) শিবপুরের ধানুয়া এলাকার মনজুর হোসেনের ছেলে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। পুলিশ বলছে, মনোহরদীতে গণপিটুনিতে নিহত ব্যক্তিরাও পেশাদার ডাকাত ছিল। তাঁদের পরিচয় নিশ্চিত করে এ ঘটনায় একটি ডাকাতির চেষ্টা ও একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।
মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহত ও আহত ব্যক্তিদের সবাই পুলিশের তালিকাভুক্ত ডাকাত। আহত আমিনুল নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন। বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এর মধ্যে আমজাদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে শিবপুর থানায় সাতটি এবং ফারুকের বিরুদ্ধে মনোহরদী ও বেলাব থানায় ডাকাতির একাধিক মামলা আছে। পালিয়ে যাওয়া রাজ্জাক ও মোশারফ একাধিক ডাকাতি মামলার আসামি।
নিহত ব্যক্তিদের লাশ নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।