গণপিটুনিতে নিহত পাঁচজনের লাশ হস্তান্তর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত আটজনের মধ্যে পাঁচজনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশগুলো হস্তান্তর করা হয়। তবে বাকি তিনটি লাশ নিতে পরিবারের কেউ আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মর্গে যাননি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসপি) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে স্বজনদের কাছে পাঁচটি লাশ হস্তান্তর করা হয়েছে। যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তাঁরা হলেন: ফেনীর সোনাগাজী থানার আলমপুর এলাকার বাসিন্দা ট্রাকচালক রাজিব ওরফে রনি, ময়মনসিংহ কোতোয়ালি থানার পুনারপাড় গ্রামের জুয়েল ওরফে টিটু এবং একই থানার ভাটি বাড়েরা গ্রামের রুবেল, সোহাগ ও ছোটন।
এসপি জহিরুল বলেন, এ ঘটনায় নিহত ও আহতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা পেশাদার ডাকাত। আহত ডাকাতেরা জানিয়েছেন, ডাকাতির ঘটনায় তাঁরা মোট ১৮ জন জড়িত ছিলেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত ছোটনের বড় ভাই খোকন মিয়া জানান, ছোটন বাড়িতে বাবার সঙ্গে কৃষি কাজে সহযোগিতা করতেন। ঘটনার আগের রাতে তিনি বন্ধুদের সঙ্গে গাজীপুরে বেড়াতে যাচ্ছেন বলে পরিবারকে জানান। এলাকায় তাঁর বিরুদ্ধে কোনো চুরি বা ডাকাতির অভিযোগ নেই। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে তিনি এ ঘটনায় জড়িয়ে পড়েছেন।
গত বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজার এলাকায় চালের আড়তের একটি দোকানে ‘ডাকাতির সময়’ গণপিটুনির ঘটনায় আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় ওই রাতে গণপিটুনির ঘটনায় আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। অন্যদিকে চালের আড়তে ওই দোকানের মালিক এম এ গফুর বাদী হয়ে নিহত আটজন ও আহত চারজনসহ ২০ থেকে ২৫ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন।