নরসিংদীতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। একটি ঘটনায় গণপিটুনিতে সন্দেহভাজন অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। অপর ঘটনায় আনসারের এক সদস্যের রাইফেলসহ মালামাল লুট হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে সদর উপজেলার খিলগাঁও গ্রামে ও রায়পুরা উপজেলার মরজালে নরসিংদী পল্লীবিদ্যুত্ সমিতি-২-এর আঞ্চলিক কার্যালয়ের আবাসিক ভবনে এ ডাকাতির ঘটনা ঘটে।
মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাদশার ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খিলগাঁও গ্রামে পাঁচ-ছয়জনের একদল লোক দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি শুরু করে। এ সময় এলাকাবাসী হাতেনাতে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্য ডাকাতেরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্তব্যরত আনসার সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিবাগত রাত তিনটার দিকে ২০-২৫ জনের একটি ডাকাত দল রায়পুরা উপজেলার মরজালে নরসিংদী পল্লীবিদ্যুত্ সমিতি-২-এর আঞ্চলিক কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ের বিভিন্ন জায়গায় পাঁচজন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ডাকাত দল অস্ত্রের মুখে আনসার সদস্যদের বেঁধে একটি রাইফেল ছিনিয়ে নিয়ে আবাসিক এলাকায় ঢোকে। সেখানে ডাকাত দল তিন ভাগে বিভক্ত হয়ে প্রথমে ই-টাইপ ভবনের নিচতলায় কনিষ্ঠ প্রকৌশলী তোফায়েল আহমেদের বাসার দরজা ভেঙে ৫০ হাজার টাকা, সাড়ে সাত ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসেট ও একটি ডিজিটাল ক্যামেরা লুট করে। পরে ভবনের দ্বিতীয় তলায় প্রকৌশলী মোফাজ্জল হোসেনের বাসায় ঢুকে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। পরে ডি-টাইপ ভবনের গুদামরক্ষক মোখলেছুর রহমানের বাসায় প্রবেশ করে ৮০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
কনিষ্ঠ প্রকৌশলী তোফায়েল আহমেদ দাবি করেন, ডাকাত দল দরজা ভেঙে ভেতরে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেয়। এরপর অস্ত্র ঠেকিয়ে সবকিছু বের দেওয়ার জন্য বলে। পরে ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও নরসিংদী পল্লীবিদ্যুত্ সমিতি-২-এর মহাব্যবস্থাপক রবিউল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহাব্যবস্থাপক রবিউল হোসেন বলেন, সমিতির ভেতরে ১৮ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকার পরও এই ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁদের অদক্ষতার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি।
সমিতির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার প্লাটুন কমান্ডার মোখলেছুর রহমান বলেন, রাতে পাঁচজন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকেন। তাঁরা প্রথমে কিছুই বুঝতে পারেননি। তাই এমন ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকার সুযোগে ডাকাত দল সক্রিয় হয়ে উঠেছে। আনসার সদস্যদের অদক্ষতার কারণে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।