গণপিটুনিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোঁতা কালীবখরী গ্রামে গতকাল মঙ্গলবার সকালে গণপিটুনিতে জাফর আলী নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, ওই গ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের সময় তাকে গণপিটুনি দেওয়া হয়।এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও ও কুমিল্লা আদর্শ সদর উপজেলায় গণপিটুনিতে মারা গেছে আরও দুজন।পুলিশ জানিয়েছে, গফরগাঁওয়ে নিহত মন্নাছ খাঁ (৩৫) আন্তজেলা ডাকাতদলের সর্দার। তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি। কুমিল্লায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:মেহেরপুর: মেহেরপুরে নিহত জাফর আলীর (৩৯) বাড়ি উপজেলার নতুন দরবেশপুর গ্রামে। এ ঘটনায় আহত আরমান ওরফে জার্মানের (৩৭) বাড়িও একই উপজেলার বারাদী মোমিনপুর গ্রামে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, চার ছিনতাইকারী কাঁঠালপোঁতা গ্রামের প্রধান সড়কের ওপর ওই গ্রামেরই এক ব্যবসায়ীর মোটরসাইকেল থামিয়ে তাঁর টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ছিনতাইকারীদের ঘেরাও করে পিটুনি দেয়। একপর্যায়ে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি দুজনের একজন গণপিটুনিতে নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ছিনতাইকারীকে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।গ্রামবাসী জানান, নিহত জাফর মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুল আলমের চাচাতো ভাই। আহত আরমান পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নানের চাচাতো ভাই। দলীয় প্রভাবে তাঁরা কাঁঠালপোঁতাসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদা না পেয়ে গত ৬ জুলাই মেহেরপুর সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক কাঁঠালপোঁতা গ্রামের পল্লিচিকিৎসক নজরুল ইসলামকে সন্ত্রাসীরা জবাই করে। এ ঘটনার সঙ্গে হতাহত ওই দুই ছিনতাইকারী জড়িত।মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের বারাদী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম জানান, নজরুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা আরমান স্বীকার করেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, হতাহত দুই ছিনতাইকারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী।ময়মনসিংহ: গফরগাঁও থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার পাইথল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের ডাকাতবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে জুয়ার আসরে চাঁদাবাজি করতে যায় মন্নাছ খাঁ। খবর পেয়ে এলাকাবাসী চারপাশ থেকে ওই বাড়ি ঘেরাও করে তাকে ধরে ফেলে। পরে পার্শ্ববর্তী শহীদনগর বাজারের কাছে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মন্নাছ খাঁর বাড়ি উপজেলার টাংগাব ইউনিয়নের ছাপিলা গ্রামে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিউর রহমান জানান, মন্নাছ খাঁর বিরুদ্ধে গফরগাঁও, কাপাসিয়া, শ্রীপুর, ভালুকা, হোসেনপুর ও পাকুন্দিয়া থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণসহ কমপক্ষে দুই ডজন মামলা রয়েছে। তার বিরুদ্ধে গফরগাঁও থানায় হত্যা ও ডাকাতির দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ বুধবার ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।কুমিল্লা: কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ভোর চারটার সময় পশ্চিম জাঙ্গালিয়া গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতি করতে যায় পাঁচ-ছয় জনের একটি ডাকাতদল। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ওই ডাকাত জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।