গণপিটুনিতে বনদস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম হরিনগর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে গ্রামবাসীর পিটুনিতে বনদস্যু সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকুর রহমান ওরফে বাদশা (৪০) নিহত ও তাঁর তিন সহযোগী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চার হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে।
ডাকাতির প্রস্তুতির চেষ্টার অভিযোগে আহত তিনজনের বিরুদ্ধে গ্রামবাসীর পক্ষ থেকে মামলা করা হয়েছে।
আহত বনদস্যুরা হলেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আবদুর রাজ্জাক (২৫), ফেরদৌস গাজী (২৮) ও কয়রা উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আনোয়ার সানা (৪০)। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম মোড়ল জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া খালে গত সোমবার সকালে জেলেপল্লিতে চাঁদা আদায়কে কেন্দ্র করে বনদস্যু সিদ্দিকুর ও আমিনুর বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে টিকতে না পেরে জেলে নৌকায় করে সিদ্দিকুর তাঁর তিন সহযোগীকে নিয়ে লোকালয়ের উদ্দেশে রওনা হন। গতকাল ভোরে তাঁরা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদী দিয়ে সাতক্ষীরায় হরিনগর এলাকায় পৌঁছান। এ সময় গ্রামবাসী তাঁদের একটি বাড়িতে আটক করে রাখে। খবরটি জানাজানি হলে সকাল নয়টার দিকে গ্রামবাসী জড়ো হয়ে ওই বাড়ি থেকে সিদ্দিকুরসহ চারজনকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে সিদ্দিকুরকে মৃত অবস্থায় এবং অন্য তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া জানান, সিদ্দিকুরের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম চার হাজার গ্রামবাসীর নাম উল্লেখ করে মামলা করেছেন। অন্যদিকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রাববাসীর পক্ষে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের দফাদার তিন বনদস্যুর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।