গণপিটুনিতে যুবক নিহত গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলুণ্ডী গ্রামে গত বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মামুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শিবালয় উপজেলায় হাসিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

এলাকার অনেকে ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে একদল ডাকাত ধুলুণ্ডী গ্রামের মনোরঞ্জন আচার্যের বাড়িতে হানা দেয়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির লোকজনের ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। এ সময় মামুন মিয়াকে আটক করে গণপিটুনি দেন এলাকাবাসী। খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল ভোর পাঁচটায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মামুন সিঙ্গাইরের চারিগ্রামের বাদশা মিয়ার ছেলে।

ঘিওর থানার ওসি শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবালয়ের সাতপাড়া গ্রামের আবদুল হালিমের শিশুকন্যা মীম (৩) গত বৃহস্পতিবার সকালে প্রতিবেশী মফিজ মিয়ার বাড়িতে খেলতে যায়। মেয়েকে ওই বাড়িতে যেতে নিষেধ করায় হালিমের স্ত্রী হাসিনা আক্তারের (২৬) সঙ্গে মফিজের স্ত্রী রয়মনা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে রয়মনা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে হাসিনাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে হালিম তাঁর স্ত্রীকে গ্রামের এক পল্লি চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা করান। গতকাল শুক্রবার বেলা একটার দিকে হাসিনার অবস্থার অবনতি হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হালিম। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, এ ব্যাপারে হাসিনার পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাণ গেল স্কুলছাত্রের: মানিকগঞ্জের দৌলতপুরে গতকাল শুক্রবার অবৈধ লেগুনাচাপায় তৌহিদুল ইসলাম (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার চকমিরপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং চকমিরপুর গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে উপজেলা সদর থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তৌহিদুল। আরিচা-দৌলতপুর-টাঙ্গাইল সড়কের চকমিরপুর এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা পেছন থেকে বাইসাইকেলটিকে চাপা দিলে তৌহিদুল গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।