গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ও জাহাজমারা ইউনিয়নের সীমানাবর্তী এলাকায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ‘হক বাহিনীর’ প্রধান সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের হক সাব (৪০) ও তাঁর সহযোগী নিঝুম দ্বীপের মদিনা গ্রামের মাহমদ উল্লা ওরফে মাদু ডাকাত (৪৫)।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান আজ সকালে মুঠোফোনে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত ব্যক্তিদের বিরুদ্ধে হাতিয়া থানায় ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, আজ ভোররাতে সোনাদিয়া ও জাহাজমারা ইউনিয়নের সীমানা এলাকায় হক সাব ও তাঁর সহযোগীরা ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন টের পায়। এরপর জনতা সংঘবদ্ধ হয়ে চারদিক থেকে ঘেরাও করে দুজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে হক সাব ও মাদু ডাকাত নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।