গণপিটুনিতে সাবেক ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্বজগত গ্রামে একটি খাসপুকুর নিয়ে বিরোধের জের ধরে গ্রামবাসীর গণপিটুনিতে মারা গেছেন শামসুদ্দীন টগর (৪২) নামে সাবেক এক ইউপি সদস্য। মঙ্গলবার রাতে গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার সময় ওই গ্রামের লোকজন গণপিটুনি দেয় শামসুদ্দিনকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। ওসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি পুকুর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন শামসুদ্দীন। গ্রামের মসজিদের উন্নয়নের জন্য গ্রামবাসী তাঁর কাছ থেকে পুকুরটি চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এর পরও মসজিদের নামে পুকুর থেকে মাছ ধরে নেয় গ্রামের লোকজন। এ নিয়ে ১৩ জানুয়ারি আদালতে একটি মামলা দায়ের করেন শামসুদ্দীন। মামলা দায়েরের পর থেকেই গ্রামবাসী তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। শামসুদ্দীনকে হত্যার ঘটনায় তাঁর বড় ভাই জমশেদ আলম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ নওশাদ আলী ও গোলাম মোস্তফা নামে দুজনকে গ্রেপ্তার করেছে।