বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী থেকে গত মঙ্গলবার রাতে অপহৃত চার ব্যক্তিকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই অপহরণকারী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা ফাসিয়াখালী ও কক্সবাজারের চকরিয়ার সীমানার শাহসুজা সড়ক থেকে এক ব্যবসায়ীসহ চারজনকে অপহরণ করে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাতে টর্চলাইট, হারিকেন ও মশাল নিয়ে ফাসিয়াখালী-খুটাখালী সীমানায় বগারবিলের কালারপাড়া এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ঘেরাও করেন।
ফাসিয়াখালীর বাসিন্দা মুসলিম উদ্দিন বলেন, ১৫-১৬ জন অপহরণকারী প্রথমে স্থানীয় লোকজনকে প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে তারা অপহৃত চারজনকে রেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে গণপিটুনি দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হয়। তবে অন্য অপহরণকারীরা পালিয়ে যায়।
ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, একটি পেশাদার অপহরণকারী দল দীর্ঘদিন ধরে বান্দরবানের লামা, বাইশারি ও দোছড়ি এবং কক্সবাজারের চকরিয়া, রামু ও সদর উপজেলায় অপহরণ-বাণিজ্য করে আসছে। ২২ অক্টোবর বাইশারি থেকে রাবার বাগানের তিন প্রহরী অপহৃত হন। ২৮ অক্টোবর রামুর চৌমুহনী থেকে এক চাকমা তরুণীকে অপহরণের চেষ্টা করা হয়। জুলাইয়ে ফাসিয়াখালী ইউপির সাবেক এক সদস্যকে অপহরণকারীরা নিয়ে যায়। তাঁরা সবাই মুক্তিপণ দিয়ে ছাড়া পান। এভাবে অপহরণের ঘটনায় এলাকার লোকজন ক্ষুব্ধ।
ফাসিয়াখালী ইউপির সাবেক সদস্য নূরুল আবছার বলেন, গত জুলাইয়ে তাঁকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নিহত দুই অপহরণকারীর একজন তাঁকে অপহরণের সময়ও ছিলেন। তবে তিনি তাঁর নাম জানেন না। তিনি বলেন, তিন লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেয়।
পুলিশ জানায়, গতকাল বুধবার নিহত দুই অপহরণকারীর লাশ উদ্ধার করা হয়েছে।
লামা থানার ওসি ইকবাল হোসেন জানান, দুই অপহরণকারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।