গণপিটুনির ঘটনায় পৃথক দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালের আড়তে ডাকাতি এবং গণপিটুনিতে সন্দেহভাজন আট ডাকাতের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানায় মামলা দুটি করা হয়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে হত্যা মামলা এবং চালের আড়ত ভাই ভাই ট্রেডার্সের মালিক এম এ গফুর ভূঁইয়া বাদী হয়ে ডাকাতির মামলা করেন। হত্যা মামলায় কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ছাড়া ডাকাতির মামলায় নিহত ৮ জন ও গ্রেপ্তারকৃত ৪ জনসহ ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

হত্যা মামলার আরজিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে ২০-২৫ জনের একদল ডাকাত হানা দেয়। একটি চালের আড়ত থেকে লুট করা চাল ট্রাকে তোলার সময় এলাকার লোকজন টের পান। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে উত্তেজিত কয়েক হাজার লোক ধাওয়া করে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় ৪ জনকে উদ্ধার করে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যরা পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. জহিরুল ইসলাম মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন।