গণপিটুনির পর দুজনের চোখে চুন!
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রামদীনগর গ্রামে গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে নছিমন চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। এ সময় ওই দুজনের চোখে চুন ও সোডা দেওয়া হয়। এতে একজনের দুটি চোখই নষ্ট হয়ে গেছে। অন্যজনের চোখের অবস্থাও ভালো নয়।গণপিটুনির শিকার ওই দুই ব্যক্তি হলেন ফরিদপুর সদরের ব্যাঙডাকা গ্রামের আনোয়ার হোসেন (৩৫) ও পুকুরিয়া গ্রামের মো. সাইদ (৩০)।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রামদীনগর গ্রামের বিল্লাল মাতব্বরের একটি নছিমন সোমবার রাতে চুরি হয়। পরে গ্রামের একদল বাসিন্দা ওই রাতেই নছিমনটি খুঁজতে বের হয়। গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাশাগাড়ী এলাকায় নছিমনটি খুঁজে পায় তারা। এ সময় নছিমনে থাকা আনোয়ার ও সাইদকে আটক করে রামদীনগর গ্রামে আনা হয়।পরে গ্রামের বাসিন্দারা তাঁদের পিটুনি দেয়। একপর্যায়ে আনোয়ার ও সাইদের চোখে চুন ও সোডা দেওয়া হয়। পরে তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। সেখান থেকে তাঁদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।ফরিদপুর মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আনোয়ার হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আনোয়ারের দুটি চোখই নষ্ট হয়ে গেছে। সাইদের চোখের অবস্থাও ভালো নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। কাল (আজ) আবার পরীক্ষা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হবে।ভাঙ্গা থানার ওসি দাদন ফকির গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, সাইদের বাবা ইব্রাহিম মোল্লা দাবি করেছেন, তাঁর ছেলে চোর নন। তাঁর ওপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।