গণপূর্ত বিভাগের কাজ বিনা দরপত্রে দেওয়ার অভিযোগে ভাঙচুর
খুলনার নূরনগর গণপূর্ত বিভাগে দরপত্র ছাড়াই কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে গতকাল রোববার দুপুরে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিবাদকারী ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আশিক-ই-রসুল বিশেষ রাজনৈতিক দলের কতিপয় ঠিকাদারকে দরপত্র ছাড়াই নয়টি গ্রুপের প্রায় ৩০ লাখ টাকার কাজ পাইয়ে দিয়েছেন। এ নিয়ে গতকাল দুপুরে সাধারণ ঠিকাদারদের সঙ্গে নির্বাহী প্রকৌশলীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সাধারণ ঠিকাদারেরা নির্বাহী প্রকৌশলীর ওপর ক্ষুব্ধ হয়ে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। ঠিকাদার শফিকুর রহমান বলেন, প্রধান প্রকৌশলী নিজের ক্ষমতায় একটা পক্ষকে কাজ দেওয়ার ঘটনায় কয়েক দিন ধরে ঠিকাদারদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে। টেন্ডার ছাড়া একটি গোষ্ঠীকে কাজ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী আশেক-ই-ইলাহি বলেন, ‘নয়টি গ্রুপের ছোট ছোট কিছু কাজ টেন্ডার দিয়েই দেওয়া হয়েছে। কন্ট্রাক্টরদের রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’সোনাডাঙ্গা থানার সহকারী পুলিশ কমিশনার আলী হায়দার বলেন, নূরনগর গণপূর্ত অধিদপ্তরে ঠিকাদারদের সঙ্গে কর্মকর্তাদের বাগিবতণ্ডার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।