গণপূর্ত বিভাগের দেড় কোটি টাকার টেন্ডারে সমঝোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিশন ভাগাভাগির মাধ্যমে ভোলায় গণপূর্ত বিভাগের ফায়ার স্টেশন নির্মাণকাজের দেড় কোটি টাকার টেন্ডারে সমঝোতা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে প্রতিযোগিতা না হওয়ায় প্রাথমিকভাবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কাজ বাগিয়ে নিয়েছেন ঠিকাদারেরা।গণপূর্ত বিভাগ সূত্র জানায়, ভোলার তজুমদ্দিন উপজেলার ফায়ার স্টেশন নির্মাণকাজের জন্য দরপত্র তফসিল বিক্রির শেষ দিন ছিল গত রোববার। নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন লাইসেন্সে এ দরপত্র কেনেন জামাল উদ্দিন, ইকবাল হোসাইন, জেরিন অ্যান্ড কোং, কামাল হোসেন, রাজিব হোসেন, মেসার্স ফজলুর রহমান, রেজভী ও রাসেল রহমানসহ মোট ২১ জন ঠিকাদার। তবে গতকাল সোমবার দরপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত মাত্র পাঁচটি দরপত্র দাখিল করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি পক্ষের ঠিকাদারেরা অভিযোগ করেন, গণপূর্ত বিভাগ কার্যালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রভাবশালী ঠিকাদাররা ওই নির্মাণকাজের টেন্ডার গোপন করতে চেয়েছিলেন। এ উদ্দেশ্য বাস্তবায়নে ভোলায় আসে না, এমন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে অন্য ঠিকাদারেরা বিষয়টি জেনে যান। তাঁরা ওই কাজের দরপত্র তফসিল কেনেন। ফলে প্রভাবশালী ওই ঠিকাদারেরা চাপ প্রয়োগ করে অন্য ঠিকাদারদের সমঝোতা করতে বাধ্য করেন। এ সমঝোতায় নেতৃত্ব দেন ঠিকাদার রেজভী ও রাসেল রহমান। গত রোববার রাতে ওই সমঝোতা বৈঠকের মাধ্যমে কাজটি দেওয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ফজলুর রহমানকে। সমঝোতা অনুযায়ী, অন্য ২০ ঠিকাদারের মধ্যে মোট কাজের শতকরা ১০ ভাগ কমিশন বণ্টন করা হবে। ঠিকাদারেরা জানান, সমঝোতা না করে রেট কোটের মাধ্যমে (উচ্চমূল্য ও নিম্নমূল্য নির্ধারণের ভিত্তিতে) ঠিকাদারেরা কাজ পেলে গণপূর্ত কর্তৃপক্ষ লাভবান হতো। প্রতিযোগিতা না হওয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কাজ নিচ্ছেন ঠিকাদারেরা।তবে সমঝোতার বিষয়টি অস্বীকার করেন ঠিকাদার রাসেল রহমান। তিনি দাবি করেন, অসুস্থতার কারণে তিনি গত রোববার ঘর থেকেই বের হননি। আর সোমবার দরপত্র তফসিল দাখিল করতে গেলেও জ্যেষ্ঠ ঠিকাদারেরা অনুরোধ করায় তিনি শেষ পর্যন্ত তা দাখিল করেননি। কমিশন নিয়ে কোনো সমঝোতা হয়নি বলে তিনি দাবি করেন। কাজ পাওয়া প্রতিষ্ঠান মেসার্স ফজলুর রহমানের ঠিকাদার বাদল পঞ্চায়েতও (কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লিগের সদস্য) সমঝোতার অভিযোগ অস্বীকার করেন। তবে স্থানীয় সাংসদ (নুরন্নবী শাওন) কাজটি তাঁকে দিয়েছেন বলে তিনি স্বীকার করেন। ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মানিক লাল দাস প্রথম আলোকে বলেন, লাইসেন্সের অনুকূলে যে অভিজ্ঞতা-যোগ্যতা দরকার, তা ভোলায় নেই বললেই চলে। এ কারণেই ঠিকাদারেরা সমঝোতা করে থাকেন। তবে ঠিকাদারেরা এ বিষয়ে তাঁদের জানান না। তিনি স্বীকার করেন, প্রাথমিকভাবে নির্ধারিত মূল্যের চেয়ে শতকরা ৪ ভাগ বেশি মূল্যে কাজটি পেয়েছে মেসার্স ফজলুর রহমান।