গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সিকে মুক্তিযোদ্ধা হিসেবে দেওয়া সাময়িক সনদ কেন বাতিল করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি কোন কর্তৃত্ববলে তিনি প্রধান প্রকৌশলীর পদে আছেন, তা-ও জানতে চাওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের উপসচিব, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সচিব, প্রধান প্রকৌশলীসহ ৬ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মো. হাফিজুর রহমান মুন্সির মুক্তিযোদ্ধা সনদ ভুয়া দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক হাসান খান এ রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ১৯৮১ সালে মো. হাফিজুর রহমান মুন্সি যখন চাকরিতে ঢোকেন, তখন মুক্তিযোদ্ধার বিষয়টি উল্লেখ করেননি। ২০১০ সালে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ২ বছর বাড়ানো হয়। তখন তিনি ২০১০ সালের ২৫ জুলাই একটি গেজেটে তাঁর নাম প্রকাশ হয় বলে কাগজপত্র দাখিল করেন। তাঁর এ সনদ নিয়ে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তদন্ত করা হয়। তদন্তে তাঁর ভুয়া সনদের বিষয়টি বেরিয়ে আসে। এ অবস্থায় তাঁর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।