
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। এর আগে আদালতে মোশাররফ হোসেনের আইনজীবী আবদুল মতিন খসরু বলেন, মামলা স্থগিত চেয়ে মোশাররফ হোসেন যে আবেদন করেছিলেন, তা তিনি আর চালাতে চান না। পরে আদালত রায় দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, এ মামলায় আগে দেওয়া রুল খারিজ করে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়েছেন। ফলে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। তাঁকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। তবে বিচারিক আদালতে তিনি জামিন চাইলে আদালত তা বিবেচনা করতে পারবেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলাটি করে দুদক। পরে ২০০৮ সালের ২৭ আগস্ট ইঞ্জিনিয়ার মোশাররফ হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন করেন। হাইকোর্ট তখন মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। পাশাপাশি হাইকোর্ট তাঁকে জামিন মঞ্জুর করেন।