গণপূর্তমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্তে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জমি নিয়ে দুর্নীতির মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান পরে প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত চালাতে আর কোনো আইনি বাধা থাকল না।
মামলার নথি থেকে জানা যায়, সাবেক সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং থানায় এ মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে ইঞ্জিনিয়ার মোশাররফ গণপূর্তমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ করা একটি জায়গা আবাসিক হোটেল গোল্ডেন ইন নির্মাণের জন্য ইজারা দেওয়ার সুপারিশ করেন। প্রায় দেড় বিঘা আয়তনের ওই জমির দাম ধরা হয় ১ কোটি ৬৯ লাখ টাকা। পরে শর্ত ভেঙে সানমার হোটেল লিমিটেডের নামে ওই জমির ইজারা নিবন্ধন করা হয়। এ সময় দলিলে উল্লেখ করা জমির দামের চেয়ে সানমার হোটেলের কাছ থেকে ২ কোটি ৯২ লাখ টাকা বেশি আদায় করা হয়।
পরে ইঞ্জিনিয়ার মোশাররফ মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। ২০১২ সালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি বাতিল করে দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে গতকাল তা বাতিল হয়ে গেল।