গণপূর্তের জমি দখল করে যুবলীগ নেতার দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যুবলীগের এক নেতা গণপূর্ত অধিদপ্তরের প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৯৬ শতাংশ সম্পত্তি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দেয়াল তুলে দখল-প্রক্রিয়া শেষ হওয়ার পর গণপূর্তের এক কর্মকর্তা গতকাল বুধবার সকালে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ওই নেতার নাম কাজী জহিরুল ইসলাম। তিনি বন্দর উপজেলার কদমরসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। জহির মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির স্থানীয় সাংসদ নাসিম ওসমান ও তাঁর ভাই আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।জেলা প্রশাসন জানায়, বন্দরের খেয়াঘাটসংলগ্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ের প্রায় ১০৪ শতাংশ জায়গা রয়েছে। গত বৃহস্পতিবার জহির ওই কার্যালয়ে গিয়ে তা সরিয়ে নিতে বলেন। ভূমি কর্মকর্তাদের জানিয়ে দেন, ভূমি কার্যালয়ের ভবনের জায়গাসহ সেখানকার ১০৪ শতাংশের মালিক তিনি। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকালে জহির বিপুলসংখ্যক শ্রমিক ও নেতা-কর্মী নিয়ে এসে জায়গাটি দখলে নিতে দেয়াল নির্মাণ শুরু করেন। জায়গাটির মালিক ও তত্ত্বাবধায়ক গণপূর্ত অধিদপ্তর হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।অভিযোগ ওঠে, নারায়ণগঞ্জ গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মতিন ও উপজেলা গণপূর্তের উপসহকারী প্রকৌশলী সাকিব হোসেন দখল নিতে জহিরকে সহায়তা করেছেন। গতকাল দেয়াল নির্মাণের কাজ শেষ হওয়ার পর বন্দর থানায় একটি জিডি করেন সাকিব। জিডিতে জহিরের কথাও উল্লেখ করেননি।বন্দর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা সাঈদ হোসেন বলেন, ‘জহির ও তাঁর সঙ্গীরা সরকারি জায়গার মালিক কীভাবে হলো জানি না। ভূমি কার্যালয় ও সরকারি মূল্যবান দলিলপত্র রক্ষার জন্য কার্যালয়ের সীমানা ঘেঁষে আমরাও একটি দেয়াল নির্মাণ করেছি।’যোগাযোগ করা হলে প্রকৌশলী সাকিব হোসেন জানান, বন্দর গঙ্গাকূল মৌজায় ১০৪ শতক জমির মালিক গণপূর্ত। জমিটির খাজনা নিয়মিত দেওয়া হচ্ছে। কাজী জহিরের লোকজন অবৈধভাবে জমিতে সীমানাপ্রাচীর দিয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গতকাল বন্দর থানায় নূর হোসেন মুন্সি গংয়ের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ তা জিডি হিসেবে নেয়।জহিরের বক্তব্য: কাজী জহিরুল ইসলাম বলেন, ‘জায়গাটির মালিক মো. সালাউদ্দিন, তাইফুর রহমান, কমর উদ্দিন ও নূর হোসেন মুন্সি। জায়গার দখলে যেতে তাঁদের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়েছি। এ জন্য যাবতীয় খরচ আমি বহন করব। দখলের পর বাজারদর অনুযায়ী এর মূল্যের অর্ধেক টাকা আমি পাব।’জহির দাবি করেন, ভূমি কার্যালয় তাঁর জায়গায় অবস্থিত। ভুলবশত এটি গণপূর্তের জায়গা হিসেবে রেকর্ডে উঠেছে। ভুল সংশোধনের জন্য তিনি আদালতে মামলা করেছেন।প্রশাসনের বক্তব্য: অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খুরশীদ আলম বলেন, পরিত্যক্ত ওই সম্পত্তিটি আরএস রেকর্ড অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরের। অবৈধভাবে জমি দখলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গণপূর্তের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরের ইউএনও বদরুন্নাহার বলেন, ‘দখলের খবর পেয়ে পুলিশ নিয়ে সরেজমিন পরিদর্শন করে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমি চলে আসার পর আবার দেয়াল নির্মাণের কাজ করা হয়। সরকারি সম্পত্তি অবৈধ দখল থেকে রক্ষায় আমি যথাসাধ্য চেষ্টা করেছি।’ গণপূর্ত কর্মকর্তার অভিযোগ মামলা হিসেবে না নেওয়ার ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান কোনো মন্তব্য করেননি।