গণপূর্তের জায়গায় কর্মচারী ইউনিয়নের ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে সার্কিট হাউস-সংলগ্ন গণপূর্ত বিভাগের কার্যালয় চত্বরে অবৈধভাবে কর্মচারী ইউনিয়নের কার্যালয় ভবন নির্মাণ করা হচ্ছে।
গণপূর্ত বিভাগের উচ্চপর্যায়ের কোনো অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য ৩০ বছরের পুরোনো কয়েকটি মেহগনিগাছও কেটে ফেলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী বলেন, এ বিষয়ে গত রোববার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত শনিবার ছুটির দিনে কার্যালয় চত্বরের প্রায় তিন লাখ টাকা মূল্যের কয়েকটি মেহগনিগাছ কেটে কর্মচারী ইউনিয়নের ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। গাছ কাটা এবং ভবন নির্মাণে গণপূর্ত বিভাগ পঞ্চগড়ের শ্রমিক-কর্মচারী লীগের নেতারা জড়িত বলে উল্লেখ করা হয়।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর অনুমতি সাপেক্ষে তাঁরা গাছ কেটে ভবন নির্মাণ করছেন। নির্বাহী প্রকৌশলীর পছন্দ অনুযায়ী জায়গাটিকে কার্যালয় কক্ষের জন্য নির্বাচন করা হয়। কিন্তু সেখানে কয়েকটি মেহগনিগাছ থাকায় ভবন নির্মাণ করা যাচ্ছিল না। তাই গাছগুলো নিয়মতান্ত্রিকভাবে কেটে ভবনের কাজ শুরু করা হয়েছে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ জানান, নিয়মতান্ত্রিকভাবেই গাছগুলো কাটা হয়েছে। কিন্তু কর্মচারী ইউনিয়নের কার্যালয় নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি। কার্যালয় চত্বরে কর্মচারী ইউনিয়নের ভবন নির্মাণের কোনো নিয়ম নেই। পঞ্চগড়ে কর্মচারী ইউনিয়ন কীভাবে কার্যালয় ভবন নির্মাণের কাজ শুরু করেছে, তা তিনি জানেন না।