গণপূর্তের তিন একর জমির ফসল খাচ্ছেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গণপূর্ত বিভাগের প্রায় তিন একর জমির উৎপাদিত ফসল ওই বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ২৫ বছর ধরে ভাগবাঁটোয়ারা করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সান্তাহার শহরে গণপূর্ত বিভাগের রাজশাহী বিভাগীয় মালামাল মজুদাগার ছিল। প্রায় সাড়ে চার একর জায়গা নিয়ে এই দপ্তরের কার্যালয়সহ বিশাল গুদাম এবং স্টাফ কোয়ার্টার ছিল। প্রায় ২৫ বছর আগে এই দপ্তরের কার্যক্রম বন্ধ করে কার্যালয় রংপুরে স্থানান্তর করা হয়। অফিসের কোনো কার্যক্রম না থাকলেও এখানে একজন প্রহরী রাখা হয়েছে। আফতাব হোসেন নামের ওই প্রহরীর তত্ত্বাবধানে রাখা হয় দপ্তরের প্রায় তিন একর জমি। তিনি ওই জমি চাষাবাদ করে উৎপাদিত ফসল নিজেসহ বগুড়া অফিসের কর্মকর্তাদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নেন।সান্তাহার শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা তাইজুল ইসলাম জানান, প্রায় ২৫ বছর ধরে গণপূর্ত বিভাগের লোকজন এই জমির ফসল খাচ্ছেন। জমি প্রাচীর দিয়ে ঘেরা থাকার কারণে এখানে চাষাবাদ করতে কোনো সমস্যা হয় না। তাঁর মতে, নয় বিঘা (তিন একর) জমিতে বছরে প্রায় ৩০০ মণ ধান উৎপাদিত হয়। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। প্রহরী আফতাব হোসেন বলেন, ‘জমির পরিমাণ পাঁচ বিঘার মতো, তিন একর নয়। জমি থেকে যে ধান হয়, তা কর্মকর্তাদের কিছু দিতে হয়।’বগুড়া জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল গাফফার বলেন, গণপূর্ত বিভাগের জমি ইজারা দেওয়ার বিধান নেই। এ কারণে ওই জমিগুলো দারোয়ান ও পিয়নদের দেওয়া হয়েছে।