দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামে গণপূর্ত বিভাগের এক সাবেক কর্মকর্তাকে পৃথক পাঁচটি ধারায় পাঁচ বছর করে মোট ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সব দণ্ড একসঙ্গে কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ রায় দেন। রায়ে আদালত পৃথক চারটি ধারার প্রতিটিতে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রতি ক্ষেত্রে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবদুল মান্নান গাজী। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত গণপূর্ত বিভাগ-২-এ বিভাগীয় হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। দুর্নীতির অভিযোগে মামলা হওয়ার পর তাঁকে বরখাস্তও করা হয়। মামলা হওয়ার পর থেকে আবদুল মান্নান পলাতক। দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭৭ (ক) ও ১৯৪৭ সালের দুর্নীত প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পাঁচ বছর করে মোট ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের আদেশ অনুসারে সব দণ্ড একসঙ্গে কার্যকর করা হবে। সে ক্ষেত্রে তাঁকে মোট পাঁচ বছর কারাভোগ করতে হবে।’মাহমুদুল হক বলেন, ‘মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক। এরপর আবদুল মান্নানকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়।’আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক মোজাম্মেল হক বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০০ সালের ১০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গণপূর্ত বিভাগের একটি প্রকল্পের শিডিউল বিক্রি বাবদ এক লাখ ৭০ হাজার ৪৫৫ টাকা বিভিন্ন উপায়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন আবদুল মান্নান।২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা শেখ আবদুস সালাম তদন্ত শেষে আবদুল মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ২০১০ সালের ২৬ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল এই রায় দেন।