গণপূর্তের ‘গোপন বিজ্ঞপ্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ভোলা গণপূর্ত বিভাগ আট কোটি টাকার ভবন নির্মাণকাজের দরপত্র আহ্বান করে। কিন্তু ভোলায় আসে না—এমন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ায় ঠিকাদারেরা বিষয়টি জানতে পারেননি। এমনকি তাঁরা দরপত্র ক্রয় ও দাখিল করতে পারেননি। গতকাল রোববার ছিল ওই কাজের দরপত্র দাখিলের শেষ দিন।নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদারেরা অভিযোগ করেন, ভোলার চরফ্যাশন উপজেলার আদালত ভবন নির্মাণ ও সাব-রেজিস্ট্রার ভবন নির্মাণের জন্য দুই ভাগে প্রায় আট কোটি টাকার কাজের দরপত্র বিজ্ঞপ্তি গোপনে দেওয়া হয়েছে। কোন্ পত্রিকায়, কবে তা ছাপা হয়েছে তা তাঁরা জানেনও না। গতকাল গণপূর্ত ভবনে গিয়ে পুলিশ ও ঠিকাদারেরা খোঁজ নিয়ে জানতে পারেন, দরপত্র দাখিল চলছে। দিন শেষে গতকাল ছয়টি দরপত্র জমা পড়েছে বলে জানা গেছে। ভোলা গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, অধিদপ্তরের তালিকাভুক্ত দৈনিক খবর ও নিউ নেশন পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের ওয়েভসাইটেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।নীতিমালা অনুযায়ী, দেশের বহুল প্রচলিত ও প্রকাশিত পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হতে হবে। কিন্তু উল্লিখিত দুটি পত্রিকার একটি কপিও ভোলায় আসে না বলে পত্রিকার এজেন্ট সূত্র নিশ্চিত করেছে। ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মানিক লাল দাস বলেন, ‘আমরা নীতিমালা মেনেই বিজ্ঞপ্তি দিয়েছি। কিন্তু এ কাজ করার জন্য দরপত্রের অনুকূলে যে পরিমাণ টাকার পে-অর্ডার ও টার্নওভার (কমপক্ষে ৪০ কোটি টাকার কাজ করতে হবে) দরকার, সে রকম যোগ্যতাসম্পন্ন ঠিকাদার ভোলায় নেই।’