গণপ্রতিরোধ আর প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায় আক্রমণে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রুখে দাঁড়াও।
গতকাল বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে প্রশাসনকে সক্রিয় ও দৃঢ় অবস্থান নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের সর্বত্র এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ রুখে দাঁড়াও প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা করেছে। সব শ্রেণী-পেশার মানুষের গণপ্রতিরোধের মাধ্যমে এই সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি আবারও জানানো হয়।
বাংলাদেশ রুখে দাঁড়াও-এর পক্ষে বিবৃতি দিয়েছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, আকবর আলি খান, সুলতানা কামাল, কামাল লোহানী, সারওয়ার আলী, আবেদ খান, জিয়াউদ্দিন তারেক আলী, রাণা দাশগুপ্ত, রামেন্দু মজুমদার ও এম এম আকাশ।
নির্বাচনকালীন সহিংসতা, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে রাজনৈতিক সহিংসতা, শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও প্রাণহানির পাশাপাশি সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও আক্রমণ করা হয়েছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হাতে যশোর, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে। হিন্দুদের বাড়িঘর, দোকান ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তারা। প্রাণের ভয়ে শিশু, নারী-পুরুষ, বৃদ্ধরা বসতবাড়ি ছেড়ে নদী পার হয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে এ ধরনের সাম্প্রদায়িক হামলা চালানো সত্ত্বেও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ আছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির গত বছর ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে আসছে। মুক্তিযুদ্ধের সময়ের মতো স্বাধীনতার সপক্ষের নেতা-কর্মী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শতাধিক মন্দির-বিগ্রহ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাদের মূল লক্ষ্য যুদ্ধাপরাধের রায় বানচাল করা। ধর্মীয় সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বিরোধী দলের আন্দোলনের অংশীদার হয়ে এবং তাদের প্রশ্রয়ে জামায়াত-শিবির ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। অনুরূপ পরিস্থিতিতে আমরা সরকারের কাছে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করছি। বিজ্ঞপ্তি।