
নির্বাচন কমিশন (ইসি) গঠনে স্থায়ী ব্যবস্থা হিসেবে আইন প্রণয়নের জন্য এবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব করেছে গণফোরাম, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।
ইসি গঠন বিষয়ে দল তিনটি গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাবসহ বিভিন্ন সুপারিশ করে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছে এমন বেশির ভাগ দলই ইসি গঠনে আইন করার প্রস্তাব করে।
গতকাল বেলা তিনটার দিকে গণতন্ত্রী পার্টির সভাপতি আরশ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেয়। গণতন্ত্রী পার্টি আট দফা প্রস্তাব দেয়। এর মধ্যে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের প্রস্তাব করে; যাতে আইন অনুযায়ী একটি সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যবস্থা থাকবে। বিকল্প হিসেবে সার্চ কমিটি করার প্রস্তাব দেয় দলটি।
এরপর বঙ্গভবনে যায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল। গণফোরাম নয় দফা প্রস্তাব দেয়। দলটি মনে করে, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত আইন প্রণয়ন অত্যন্ত জরুরি। ইসি গঠনে সার্চ কমিটি গঠনেরও প্রস্তাব করে গণফোরাম। এই কমিটিতে নারী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করার কথা বলে দলটি।
বঙ্গভবন থেকে বেরিয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকে তাহলে খেলা হয়? নির্বাচনকালীন সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। ২০০৮ সালের মতো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
গণফোরামের সঙ্গে বৈঠকের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণফোরামের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক আস্থার সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই। রাষ্ট্রপতি আশা করেন, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে সর্বাত্মক প্রয়াস চালাবে।
রাষ্ট্রপতির সঙ্গে গতকাল সর্বশেষ আলোচনায় অংশ নেয় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আতাউল্লাহর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা আট দফা প্রস্তাব পেশ করে। দলটিও ইসি গঠনে স্থায়ী ব্যবস্থা হিসেবে আইন প্রণয়নের প্রস্তাব করে।