গণফোরামের নির্বাহী সভাপতির দায়িত্বে মোকাব্বির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোকাব্বির খান

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সাংসদ মোকাব্বির খানকে দলের নির্বাহী সভাপতি করা হয়েছে। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন তাঁকে এ পদে মনোনীত করেছেন। আজ মঙ্গলবার গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণফোরামের সভাপতিকে সার্বক্ষণিক সহযোগিতা করতে ১৬ আগস্ট থেকে পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত মোকাব্বির খান দলের নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলের প্রবীণ ও নবীন নেতাসহ সর্বস্তরের নেতা–কর্মীদের নিয়ে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় গণফোরামের আন্দোলনকে সফল করতে মোকাব্বির খান সচেষ্ঠ থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দীর্ঘদিন ধরেই গণফোরামে ড. কামাল হোসেন ছাড়া মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বে আরেকটি পক্ষ সক্রিয়। এ দুই অংশের দ্বন্দ্ব বেশ কয়েকবারই প্রকাশ্যে এসেছে। মন্টু অংশের নেতা আবু সাইয়িদ প্রথম আলোকে বলেন, মোকাব্বির খানের নতুন পদ পাওয়া বিষয়ে তাঁরা কিছু জানেন না। কাউন্সিল না করে এভাবে কাউকে দায়িত্ব দেওয়া সাংগঠনিক ও গঠনতান্ত্রিকভাবে বাঞ্ছনীয় নয়।

উল্লেখ্য, মোকাব্বির খান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন। দলের প্রার্থী হিসেবে তিনি সিলেট-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।