গণফ্রন্ট প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের নির্বাচনে গণফ্রন্টের প্রার্থী কামরুজ্জামানের প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম মৃধা।
সাইতুল বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। কিছুদিন আগেও তিনি শওকতের পক্ষে এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন শিকদার অভিযোগ করেন, ভোটের দিন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অপকৌশল হিসেবে সাইতুল ইসলাম গণফ্রন্ট প্রার্থীর প্রধান এজেন্ট হয়েছেন।
প্রধান নির্বাচনী এজেন্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাইতুল ইসলাম বলেন, ‘উনি তো আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। তা ছাড়া উনি (কামরুজ্জামান) এজেন্ট দেওয়ার মতো লোক পাবেন কোথায়? তাই আমাকে প্রধান নির্বাচনী এজেন্ট করেছেন।’
যোগাযোগ করা হলে গণফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘উনি (সাইতুল) তো আমার সঙ্গে কাজ করার কথা বলেছিলেন। তাই তাঁকে প্রধান নির্বাচনী এজেন্ট করেছি। আমি তো টাকা-পয়সা দিতে পারি না। এখন কথা দিয়ে তিনি যদি অন্য দলের মঞ্চে বক্তব্য দেন তাহলে আমার করার কী আছে?’
বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে অন্য দলের প্রধান নির্বাচনী এজেন্ট হওয়া নৈতিকতাবিবর্জিত কাজ। এটা কোনোভাবেই দলের আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়।