গণফ্রন্ট প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আওয়ামী লীগ নেতা
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে গণফ্রন্ট মনোনীত প্রার্থী (মাছ প্রতীক) কামরুজ্জামানের প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম মৃধা।
ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমানের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন শিকদার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোরগ প্রতীক নিয়ে লড়ছেন।
গণফ্রন্ট প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হওয়ার সত্যতা স্বীকার করে আওয়ামী লীগের নেতা সাইতুল ইসলাম মৃধা বলেন, ‘উনি তো আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। তা ছাড়া উনি (কামরুজ্জামান) এজেন্ট দেওয়ার মতো লোক পাবেন কোথায়, তাই আমাকে প্রধান নির্বাচনী এজেন্ট করেছেন।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন শিকদার এ ঘটনাকে নির্বাচনে প্রভাব বিস্তারের অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ভোটের দিন কেন্দ্রে এজেন্ট নিয়োগ করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অপকৌশল হিসেবে সাইতুল ইসলাম গণফ্রন্ট প্রার্থীর প্রধান এজেন্ট হয়েছেন।
বরগুনা-২ আসনে যোগাযোগ করা হলে গণফ্রন্ট মনোনীত প্রার্থী কামরুজ্জামান আজ সকালে বলেন, ‘উনি (সাইতুল) তো আমার সঙ্গে কাজ করার কথা বলেছিলেন। তাই তাঁকে প্রধান নির্বাচনী এজেন্ট করেছি। আমি তো টাকা-পয়সা দিতে পারি না। এখন কথা দিয়ে যদি তিনি অন্যদলের মঞ্চে বক্তব্য রাখেন, তাহলে আমার করার কী আছে?’ তিনি আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে অন্য দলের প্রধান নির্বাচনী এজেন্ট হওয়া নৈতিকতা-বিবর্জিত কাজ। এটা কোনোভাবেই দলের আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে এভাবে অন্য দলের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হওয়া সমীচীন নয়। এটা সত্য হলে সাইতুল ইসলাম সঠিক কাজ করেননি।