গণবিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
ঢাকার সাভারে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের রাজনীতিতে আলেম সমাজের ভূমিকা ও প্রভাব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক এম নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মুহাম্মদ তওফীকুর রহমান। আলোচনায় অংশ নেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান এবং গণবিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রভাষক হাসিবুর রহমান।
সেমিনারে অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান অনুষদের ডিন আশরাফ-উল-করিম খানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।