গণভবনে অন্য রকম আড্ডা
শিল্পী, সাহিত্যিক, ক্রীড়া ব্যক্তিত্ব, পুলিশ, শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক আমলাদের নিয়ে গতকাল শুক্রবার গণভবনের সবুজ চত্বরে শীতের এক অন্য রকম বিকেল কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অতিথিরা মেতে ওঠেন প্রাণবন্ত আড্ডায়। সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনেকেই সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহভরে অনুষ্ঠান উপভোগ করেন। প্রতিবন্ধী শিশু খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। দুই শিশু সংগীত পরিবেশন করে। গণভবনে ঐহিত্যবাহী লোকসংস্কৃতিকে ধারণ করে তৈরি করা ছোট ছোট কুঁড়েঘরে শীতের ঐতিহ্যবাহী পিঠা বানানো হয়।
প্রধানমন্ত্রী মাঠ ঘুরে সাহিত্যিক, শিল্পীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, সচিব, বিজিবির প্রধান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত হন।
আড্ডায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন্নবী, মুস্তাফা মনোয়ার, শিশির ভট্টাচার্য্য, বীরেন সোম, কবি রফিক আজাদ, কবি মুহাম্মদ সামাদ, সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন, শেখ মো. আসলাম, বাদল রায়, হেলাল, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, নায়ক রাজ্জাক, ফারুক, সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, আবদুল জব্বার, অভিনেতা শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সংগীত পরিবেশন করেন। সশস্ত্র বাহিনীর অনেক কর্মকর্তা ও তাঁদের স্ত্রীরা গান ও কবিতা আবৃত্তি করেন। আবদুল জব্বারের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।