গণভবনে দলীয় প্রধানের সঙ্গে মতবিনিময়ের আগে তৃণমূল সভা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণভবনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়ের আগে মুসলিম হলে তৃণমূল সভা করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। ওই সমাবেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তৃণমূল কর্মীদের মতবিনিময় হবে।
গতকাল শনিবার বিকেলে নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয়। দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বৈঠক সূত্রে জানা গেছে, আজ রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সংবর্ধনা সফল করা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ২০ সেপ্টেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের বৈঠকের দিন ধার্য আছে।
জানতে চাইলে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগরের তিনটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তৃণমূল নেতাদের মতবিনিময়ের সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল নেতারা আগামী নির্বাচনে চট্টগ্রাম-৯, ১০ ও ১১ নম্বর আসনে প্রার্থী হিসেবে কাকে দেখতে চান, সেই বিষয়ে ওই সভায় আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু আমরা ২০ সেপ্টেম্বর গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব।’
গতকালের বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও নগরের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে ৪২টি ওয়ার্ডের নেতা এবং থানা ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। তবে তিনটি সংসদীয় আসনের কোনো সাংসদ উপস্থিত ছিলেন না। গতকাল বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া সভা শেষ হয় সন্ধ্যায়।