গণভবনে শেখ হাসিনার সঙ্গে আজ চট্টগ্রামের নেতাদের মতবিনিময়
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করবেন। সেখানে শেখ হাসিনা নগর আওয়ামী লীগের বিবদমান পক্ষের মধ্যে বিরোধ কমিয়ে আনা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর ব্যাপারে নির্দেশনা দিতে পারেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।গণভবনের অনুষ্ঠানে যোগ দিতে নগর আওয়ামী লীগের বিবদমান পক্ষের নেতা-কর্মীরা আলাদাভাবে গতকাল বুধবার চট্টগ্রাম ত্যাগ করেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য পক্ষের নেতৃত্বে আছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন।দলীয় সূত্র জানায়, দেড় বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের আগেই আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ পায়। তখন থেকে কেন্দ্রঘোষিত কর্মসূচিগুলো আলাদাভাবে পালিত হয়ে আসছে।দলীয় সূত্র আরও জানায়, আওয়ামী লীগের স্থানীয় নেতারা সামনের দিনগুলোতে বিরোধী দলের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিবদমান পক্ষগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। অবশ্য দুই পক্ষ এর আগে পাল্টাপাল্টি সভা করে ঐক্যের আহ্বান জানিয়েছে। শেখ হাসিনা দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে যে পন্থা নির্দেশ করবেন, নেতারা তা মেনে নিতে পারেন বলে একাধিক নেতা ইঙ্গিত দেন।নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘দলীয় সভানেত্রী শেখ হাসিনা দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসনের নির্দেশ দিতে পারেন। আমরাও সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি আর দেখতে চাই না। বিরোধী দলের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে নেতাদের একমঞ্চে আসার কোনো বিকল্প নেই।’এদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন কিংবা পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে আজকের বৈঠকে কোনো এজেন্ডা রাখা হয়নি বলে জানা গেছে। এজেন্ডা ছাড়াই বিষয়টি গণভবনের বৈঠকে আলোচনা হতে পারে বলে একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন। গত শুক্রবার অনুষ্ঠিত এক বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, গণভবনের বৈঠকে নগর আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন কিংবা পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। আরেকজন নেতা বলেছেন, বিষয়টি শেখ হাসিনার ইচ্ছার ওপর নির্ভর করছে।