গণভবনের বর্ষবরণে সংগীত আর মোয়া-মুড়কি-কদমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সমবেত সবাইকে হাত নেড়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সমবেত সবাইকে হাত নেড়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, বিশিষ্ট শিল্পীদের সংগীত পরিবেশন আর মোয়া, মুড়কি, কদমা দিয়ে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে গণভবনে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, বিগত বছরের সব ‘জঞ্জাল’ পরিষ্কার করে নববর্ষে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। দেশের জনগণ সুন্দর জীবন লাভের মাধ্যমে ‘আনন্দলোকে’ বাস করবে ইনশা আল্লাহ।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে তাঁর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এ লক্ষ্য অর্জনে সক্ষম হব।’

বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক পর্বের বিশেষ পরিবেশনা উপভোগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা। ছবি: ফোকাস বাংলা
বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক পর্বের বিশেষ পরিবেশনা উপভোগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে দেশের জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বাংলা নববর্ষ উপলক্ষে গণভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদেরও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এর মাধ্যমে নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান একটি নতুন মাত্রা পেল।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শিল্পী সুবীর নন্দী, লিলি ইসলাম, শামা রহমান ও অন্যরা ‘এসো হে বৈশাখ এসো এসো...’ পরিবেশন করেন।
শেখ হাসিনা পরে বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যে ধ্বনিত লোকগীতি ও বাউল সংগীত, দেশাত্মবোধক গান, ভাওয়াইয়া, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, হাসন রাজা ও রজনীকান্তের গান উপভোগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পরিবারের সদস্যরা। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পরিবারের সদস্যরা। ছবি: ফোকাস বাংলা

অনুষ্ঠানে সুবীর নন্দী, লিলি ইসলাম, শামা রহমান, দিনাত জাহান মুন্নী, শবনম শিউলীসহ দেশের প্রখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ পরিবেশিত ‘আনন্দলোকে ও মঙ্গল আলোকে’ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নেতৃবৃন্দের সঙ্গে কণ্ঠ মেলান।

বাঙালির ঐতিহ্যবাহী মোয়া, মুড়কি, কদমা, জিলাপিসহ অন্যান্য মিষ্টি দিয়ে অতিথিদের অনুষ্ঠানে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক খান ও আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আহমদ হোসেন, প্রচার সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।