গণভোট হলে ৯৯ ভাগ মানুষ রামপাল চুক্তির বিপক্ষে ভোট দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশের মানুষ রামপাল বিদ্যুৎকেন্দ্র চায় না। চায় সুন্দরবন রক্ষা হোক। সরকার যদি সুষ্ঠুভাবে গণভোট নেয়, তবে ৯৯ শতাংশ মানুষ রামপাল চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষার পক্ষে ভোট দেবে। তাদের মধ্যে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাও থাকবেন।
গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যালয়ের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় আনু মুহাম্মদ এ কথা বলেন।
সভায় আনু মুহাম্মদ অভিযোগ করে বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার অনেকটা ‘বাঙালকে হাইকোর্ট’ দেখাচ্ছে। তারা ভাড়া করা লোক টেলিভিশনে বসিয়ে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে কথা বলিয়ে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে, এটা কোনো ক্ষতির কারণ হবে না। ভাড়া করা এই লোকেরা কোম্পানির পক্ষে কথা বলেন। তাঁরা পণ্যের বিজ্ঞাপনের মতো কোম্পানির পক্ষে কথা বলে যাচ্ছেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন দেশের মানুষের বেঁচে থাকার উৎস। আর বিদ্যুৎ মানুষের জীবনের সমৃদ্ধি আনার উৎস। উন্নয়নের কথা বলে সেই সুন্দরবনকে বিনাশ করার পাঁয়তারা চলছে। সুন্দরবন থেকে রামপাল ১৪ কিলোমিটার দূরে বলে সরকারের প্রচারও বাস্তবে সত্য নয়। বিদ্যুৎকেন্দ্র হলে বছরে ৪৭ লাখ টন কয়লা পোড়ানো হবে। কয়লা সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজে পরিবহন করা হবে। আর কয়লা পরিবহনের কারণে নদী ও পরিবেশের যে দূষণ হয়, তা সারা বিশ্বের মানুষ জানে।
সভায় কমিটির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোখছেদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কমিটির কেন্দ্রীয় এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের নেতারা। তাঁরা রামপাল চুক্তি বাতিলের দাবিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার কথা বলেন।
গতকাল বিকেলে শহরের মুসলিম ইনস্টিটিউট মাঠে গণসংহতি আন্দোলনের উদ্যোগে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে যুক্তি-তর্কভিত্তিক একটি সমাবেশে আনু মুহাম্মদের যোগদানের কথা ছিল। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে আগের দিন তা বন্ধ করতে বলে পুলিশ।