গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পিকে মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৫ দিনে অনেক ছাত্রীর ক্লাসে অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি কমে গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি ছাত্রী। ১০ এপ্রিল বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী প্রথমে অজ্ঞান হয়ে পড়ে। এর কিছু সময় পর একই শ্রেণির আরেকজনও একইভাবে জ্ঞান হারায়। পর্যায়ক্রমে সপ্তম শ্রেণির ছাত্রী একজন ও ষষ্ঠ শ্রেণির একজন অসুস্থ হয়ে পড়ে। এর পর থেকে প্রতিদিনই তিন-চারজন করে ছাত্রী অসুস্থ হয়ে যায়। গত সোমবার একসঙ্গে ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আতঙ্কে পরের দিন মঙ্গলবার আরও ছয়জন ছাত্রী অসুস্থ হয় যায়। এতে বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি কমে গেছে আশঙ্কাজনক হারে। গত মঙ্গলবার ওই বিদ্যালয়ে ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ৯৫ জন।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এটা সম্ভবত গণমনস্তাত্ত্বিক রোগ। মেন্টাল এস্ট্রেস (মানসিক চাপ), মেন্টাল শক (মানসিক আঘাত) এবং ডিহাইড্রেশনের (পানিশূন্যতা) কারণে এটা হতে পারে। আর এটা এমন এক প্রবণতা, যা একজনের দেখাদেখি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের রোগী ও অন্যদের পানিশূন্যতা দূর এবং প্রচুর বিশ্রামের ব্যবস্থা করা উচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জানান, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘আমরা শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের মুখে সমস্যার কথা শুনেছি এবং কোনো ছাত্রী অসুস্থ হলে তাৎক্ষণিক বিদ্যালয় কর্তৃপক্ষকে সরাসরি চিকিৎসকের কাছে ফোন করার পরামর্শ দিয়েছি।’