গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ১৫ স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের দুটি উচ্চবিদ্যালয়ের ১৫ ছাত্রী গতকাল বুধবার সকালে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়। তাদের মধ্যে পাঁচ ছাত্রীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ১০ ছাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। অন্য ৫ ছাত্রীর চিকিৎসা চলছে। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
শহরের টেপাখোলা এলাকার চর টেপাখোলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইয়াসমিন বলে, ‘সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে শ্রেণিকক্ষে হঠাৎ আমার নিশ্বাস নিতে কষ্ট হয় ও মাথা ঘুরতে থাকে। একপর্যায়ে আমি মূর্ছা যাই। পরে অভিভাবকেরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।’ পাশের নূরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আলেয়া বলে, ‘আমার দম নিতে কষ্ট হচ্ছিল। পরে মাথা ঘুরিয়ে পড়ে যাই। পরে দেখি আমি হাসপাতালে।’