গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ১৮ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় দুটি মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিনে ১৮ শিক্ষার্থীর গণমনস্তাত্ত্বিক (হিস্টরিয়া) রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার একটি বিদ্যালয়ের পাঠদান আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, উপজেলার হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সকালে তিন শিক্ষার্থীর অজ্ঞান হয়ে যায়। তারা হলো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাবেয়া, সপ্তম শ্রেণির নিলুফা ও লামিয়া। এর আগে গত বুধবার দুপুরে একই বিদ্যালয়ে আটজন ও মঙ্গলবার পাঁচ শিক্ষার্থীর হাত-পা খিঁচুনি দিয়ে অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে। আবার মঙ্গলবার দুপুরে পাথরঘাটা শহরের তাসলিমা মেমোরিয়াল একাডেমির দুই শিক্ষার্থী একইভাবে অজ্ঞান হয়ে যায়। পরে এসব শিক্ষার্থীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গতকাল বিকেল পর্যন্ত ১৩ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। অন্যরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছে।
হাড়িটানা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুস খান বলেন, শিক্ষার্থীদের আতঙ্ক দূর করতে গতকাল বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় আগামী মঙ্গলবার পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত পড়াশোনা, মানসিক চাপ ও শারীরিক দুর্বলতার কারণে এমনটা হতে পারে।