গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ৩১ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে কালিদাস কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী গতকাল মঙ্গলবার গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই দিন শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী উচ্চবিদ্যালয়ের ১৭ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়।
কালিদাস কলিম উদ্দিন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে ক্লাস শুরু হয়। একপর্যায়ে সপ্তম শ্রেণির জাহিদ হাসান মাথাব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে বিদ্যালয়ের বারান্দায় নিয়ে মাথায় পানি ঢালা শুরু করলে তার দেখাদেখি অন্যান্য ক্লাসের ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকেরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হোসাইন গতকাল দুপুরে বলেন, ‘গণমনস্তাত্ত্বিক রোগ নিয়ে চিন্তার কিছু নেই। কয়েকজন বিকেলেই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আশা করি, বাকিরাও পরের দিন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।’
গনপদ্দী উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পাঠদান চলাকালে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী মাটিতে পড়ে অচেতন হয়ে যায়। এরপর ওই শ্রেণির আরও ১৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক বিষয়টি নকলার ইউএনও মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মজিবর রহমানকে জানান। পরে মজিবর রহমান বিদ্যালয়ে এসে অসুস্থ ছাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি ঘোষণা করে অসুস্থ ছাত্রীদের বাড়িতে পাঠানো হয়।
মজিবর রহমান বলেন, এটি জটিল রোগ নয়। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ায় শিক্ষার্থীরা সুস্থ হয়ে ওঠে।