গণমনস্তাত্ত্বিক রোগে ৫০ শিক্ষার্থী অসুস্থ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার সকালে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে তিনজন শিক্ষক ও অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সকালে সমাবেশ (অ্যাসেম্বলি) শেষে শ্রেণিকক্ষে ফিরে তারা অসুস্থ হতে শুরু করে।
পরে অসুস্থদের চিকিৎসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই বিদ্যালয়ে একটি চিকিৎসক দল পাঠানো হয়। পাশাপাশি বিদ্যালয় শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। গতকাল বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত এক ছাত্রীকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অসুস্থ হওয়া তিন শিক্ষক হলেন মল্লিকা নাথ, মো. কামরুল ইসলাম ও মো. বিল্লাল হোসেন।
ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার জানান, গতকাল এ বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রতিদিনের মতো সকাল পৌনে ১০টার দিকে অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফেরে। এরপর তারা অসুস্থ হতে শুরু করে।
বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. মনিরুজ্জামান হওলাদার বলেন, শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর শিক্ষার্থীদের কেউ কেউ মাথাব্যথার কথা বলে। দু-এক মিনিটের মধ্যে তারা চেতনা হারাতে শুরু করে। অনেকের খিঁচুনিও দেখা যায়। তিনি বলেন, প্রতিটি শ্রেণিতেই এই অসুস্থতা দেখা যায়। তবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ছিল বেশি।
কম্পিউটার শিক্ষক জানান, রোববার স্কুল খুলবে। সেখানে সরকারি চিৎকৎসা দল উপস্থিত থাকবে। প্রয়োজনে তারা শিক্ষার্থীদের চিকিৎসা দেবে। সার্বিক বিষয় দেখাশোনার জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
হাসান হাওলাদারসহ অসুস্থ হয়ে পরা কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের শ্বাসকষ্ট হচ্ছিল ও মাথা ঘুরছিল। খিঁচুনিও ছিল।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (গতকাল) সকালে অর্ধশতাধিক শিক্ষার্থী আকস্মিক অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন ছাড়া অন্য সবাইকে সরকারি চিকিৎসক দল পাঠিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা এটিকে ম্যাস হিস্টেরিয়া বা গণমনস্তাত্ত্বিক অসুস্থতা বলে ধারণা করছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’