গণমনস্তাত্ত্বিক রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গণমনস্তাত্ত্বিক রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কয়েক সপ্তাহ ধরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে আতঙ্ক দেখা দিলেও এবার একই উপজেলার পান্টি গ্রামে এ আতঙ্ক বিরাজ করছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তিন সপ্তাহ ধরে জাহেরপুর গ্রামের ৫০ জনের বেশি অসুস্থ হয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা হাসপাতালে না গিয়ে কবিরাজের শরণাপন্ন হয়েছেন। কবিরাজ ব্লেড দিয়ে শরীরের কয়েক জায়গায় কেটে রক্ত ঝরিয়ে তাতে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা দিচ্ছেন। কারও হাতে তাবিজকবজ লাগিয়ে দিচ্ছেন।
চিকিৎসকেরা জানান, জাহেদপুর গ্রামের মতোই পান্টির পশ্চিমপাড়া ও জোয়ার্দ্দারপাড়ায়ও মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রাতের বেলায় মশা বা পোকার স্পর্শ পেলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। তারা ভাবছে, সাপে কেটেছে, এখনই মারা যাবে। ঘটনার পর থেকে গ্রামে মনসাপূজার আয়োজন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ।
চিকিৎসক মাসুদ রুমী বলেন, আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে, এমনিতেই তাঁরা ভয় পাচ্ছেন। সাত-আটজন অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। পরে তাঁরা সুস্থ হয়ে ওঠেন।
গতকাল প্রথম আলোতে ‘শরীর কেটে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা দিচ্ছেন কবিরাজ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতায় কবিরাজ আবদুল আলিম আত্মগোপন করেছেন।