গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ৪৬ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অন্তত ৪০ জন শিক্ষার্থী গতকাল রোববার গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। একই দিনে গোপালগঞ্জের মুকসুদপুরের কলিনগর উচ্চবিদ্যালয়ে ছয়জন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়েছে।
এদিকে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হওয়ায় তিন সদস্যের একটি চিকিৎসা দল গঠন করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন।
মেহেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, মানসিক ও শারীরিকভাবে দুর্বলতার কারণে এ রোগ হয়। একে গণমনস্তাত্ত্বিক রোগ (হিস্টিরিয়া) বলে।
শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের সব শ্রেণির ক্লাস চলছিল। এ সময় ষষ্ঠ শ্রেণির মুক্তা বেগম শ্রেণিকক্ষে হঠাৎ অচেতন হয়ে পড়ে। দ্রুত এই খবর অন্যান্য শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়ে। মুক্তা বেগমের অবস্থা দেখে একে একে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অচেতন হয়ে পড়তে থাকে। এভাবে পুরো বিদ্যালয়ের ৪০-৪৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
সপ্তম শ্রেণির ছাত্রী ববিতা খাতুনের ভাই আব্বাস আলী এবং অষ্টম শ্রেণির ছাত্রী সালেহা তাসলিমের বাবা আকবর হোসেন বলেন, অসুস্থতার খবর পেয়ে তাঁরা বিদ্যালয়ে এসে দেখেন অচেতন অবস্থায় অনেক মেয়ে পড়ে আছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও বলেন, একসঙ্গে ৪০-৪৫ জন অসুস্থ ছাত্রী দেখে চিকিৎসকেরাও একটু চিন্তায় পড়েছিলেন। পরে পরীক্ষা করে দেখা যায় সবাই গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। এতে ভয়ের কিছু নেই। এদের মধ্যে মেহেরপুর সদর হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা গাজী মোহাম্মদ রফিক এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক ওই বিদ্যালয় পরিদর্শন করেন।
গোপালগঞ্জের কলিনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন মণ্ডল বলেন, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণির ছয়জন শিক্ষার্থী এই রোগে আক্রান্ত হয়। এর মধ্যে চারজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পরেই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য তিন সদস্যের একটি চিকিৎসা দল গঠন করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন এস এম সিরাজুল ইসলাম। এস এম সিরাজুল ইসলাম বলেন, এটি একটি মনস্তাত্ত্বিক রোগ। এই রোগে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুকসুদপুর উপজেলায় এমনটি ঘটে চলায় সেখানকার ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম মনিম উল হাবিবকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি চিকিৎসা দল গঠন করা হয়েছে।
এর আগে একই রোগে গত শনিবার মুকসুদপুর উপজেলার বহুগ্রাম পি সি উচ্চবিদ্যালয় ও গাড়লগাতী কে এম উচ্চবিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী এবং ২৭ আগস্ট একই উপজেলার খান্দারপাড় ইন্দুহাটি হলধর উচ্চবিদ্যালয়ে ২০ শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক-কর্মচারী অসুস্থ হন।