ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় অবস্থিত বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মধ্যে গণমনস্তাত্ত্বিক রোগ (মাস হিস্টিরিয়া) দেখা দিয়েছে। আবাসিক প্রশিক্ষণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটিতে সাত দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ব্যাচে ৭৫ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। এর মধ্যে ৫০ জন প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরের হোস্টেলে থাকেন। গত বৃহস্পতিবার থেকে হোস্টেলে থাকা কয়েকজন প্রশিক্ষণার্থীর মধ্যে গণমনস্তাত্ত্বিক রোগ দেখা দেয়। তাঁদের দেখে অন্যদের মধ্যেও ভীতির সৃষ্টি হয়। পরে কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে কবিরাজ এনে ঝাড়-ফুঁক দেওয়া হয়। কিন্তু বেশির ভাগ প্রশিক্ষণার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার সকালে ময়মনসিংহের সিভিল সার্জনকে খবর দেয় কেন্দ্র কর্তৃপক্ষ। সিভিল সার্জন এ কে এম গোলাম মোস্তফা চার সদস্যের একটি দল নিয়ে কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। তখন ঘটনার বর্ণনা দিতে গিয়ে চারজন প্রশিক্ষণার্থী অচেতন হয়ে পড়েন। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর প্রশিক্ষণার্থীরা দুপুরের মধ্যে হোস্টেল ছেড়ে যেতে চাইলে প্রথমে তাঁদের নিষেধ করা হয়। তবে সন্ধ্যার আগে সাত দিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করে হোস্টেলও বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহবুবুর রশিদ বলেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে সাত দিনের জন্য কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিভিল সার্জন গোলাম মোস্তফা বলেন, এটি গণমনস্তাত্ত্বিক রোগ। কিছুদিন ছুটিতে থাকলে সেরে যাবে।